নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ২০:৩৪ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫ ২১:০১ পিএম
’২৪-এর জুলাইয়ে শহীদদের রক্তের বিনিময়ে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় না হলে আমরা সুন্দর বাংলাদেশ পেতাম না।’ শনিবার (১৯ জুলাই) নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে লেখক সম্মেলন ও কাহ্নপা সাহিত্য পদক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ।
নওগাঁয় দুই দিনব্যাপী শেষ হলো লেখক সম্মেলন ও কাহ্নপা সাহিত্য পদক পুরস্কার। দ্বিতীয় দিনে শনিবার সদর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ।
অনুষ্ঠানে কবি হাসান হাফিজ বলেন, আদি বাংলা ভাষার নিদর্শন শুরু হয় কাহ্নপা দিয়ে; যা নওগাঁয় অবস্থিত। এজন্য ৬৪ জেলার মধ্যে শীর্ষ জেলা নওগাঁ। প্রসিদ্ধ এ জেলায় আসতে পেতে আমার খুবই ভালো লাগছে। এমন একটি সাহিত্যনির্ভর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে সাহিত্যচর্চা ব্যক্তি ও সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, সৃজনশীলতা বৃদ্ধি করে এবং সমাজের প্রতি আরও বেশি সংবেদনশীল হয়ে উঠে। এ ছাড়া সাহিত্যচর্চা মানুষের ভাষার দক্ষতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং যোগাযোগ করার ক্ষমতা উন্নত করে। সাহিত্যচর্চা চালিয়ে যেতে হবে।
সীমান্তে হত্যা বিষয়ে তিনি বলেন, আমরা সীমান্তে কোনো হত্যা চাই না। নওগাঁ সীমান্তে হত্যার মতো ঘটনা মাঝেমাঝেই ঘটে। আমরা রক্তাক্ত চাই না, সেটা বন্ধ করতে হবে। সেজন্য উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীকে ভূমিকা রাখতে হবে।
লেখক সম্মেলনে দুজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও অনুবাদক মজিদ মাহমুদ এবং প্রথিতযশা নিভৃতচারী অনুবাদক, হরর গল্পকার, ঔপন্যাসিক ও কবি খসরু চৌধুরী কাহ্নপা সাহিত্য পদক পুরস্কার প্রদান করা হয়। যেখানে পদকের অর্থমূল্য, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয় প্রদান করা হবে।
এ সময় কবি ও গল্পকার মাহফুজ ফারুক এবং কবি রিমন মোরশেদের সঞ্চালনায় বক্তব্য রাখেনÑ নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পৌরসভা প্রশাসক টিএমএ মমিন, কবি আতাউল হক সিদ্দিকী, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম, সমাজসেবক ও বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন, কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, কথাসাহিত্যিক রবিউল করিম, সাংবাদিক কায়েস উদ্দিন, সাংবাদিক ফরিদ উদ্দিন ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, সভাপতি অরিন্দম মাহমুদ প্রমুখ।