ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ২০:২০ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫ ২১:১৫ পিএম
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত চার শতাধিক মানুষ পেয়েছেন পোশাক রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএয়ের দেওয়া খাদ্যসামগ্রী।
শনিবার (১৯ জুলাই) দুপুরে ম্যাগপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমানের আয়োজনে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর নাপিত কোনা ও পরশুরামের ধনিকুণ্ডা ধোপাবির মোড় এলাকায় বন্যার্তদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বিজিএমইএয়ের পরিচালক রশিদ আহম্মদ হোসাইনী।
এ সময় বিজিএমইএর প্রতিনিধি দল ও স্থানীয়দের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবারসহ নিত্যপণ্য দেওয়া হয়। খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছেন বন্যাদুর্গত মানুষজন। তারা বিজিএমইএর সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিজিএমইএর পরিচালক রশিদ আহম্মদ হোসাইনী বলেন, আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত চার শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী ও নিত্যপণ্য দিয়েছি। দেশের যেকোনো দুর্যোগে মানবিক সহায়তা দেওয়ার জন্য সংগঠনটি সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।