পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ২০:১৮ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫ ২১:১৬ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে জিনিয়া আক্তার নামে স্বামী পরিত্যক্ত এক অসহায় নারী তার ভোগ দখলীয় রেলওয়ের পতিত জমি নিজ নামে পত্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরের রহমত নগর মহল্লায় তার নিজ কারু পণ্যের দোকানে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে তিনি তার লিখিত বক্তব্য তুলে ধরে বলেন, ব্যক্তিগত বিরোধের কারণে প্রায় দেড় বছরে আগে তার স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। তিনি আরও জানান, ১০ বছর আগে তার ভাইয়ের কাছ থেকে ২ লাখ টাকা কর্জ নিয়ে সাবেক স্বামী রেলওয়ের চাকরিতে যোগদান করে। আজ পর্যন্ত সেই টাকা পরিশোধও করেননি। বিবাহ বিচ্ছেদের পর একটি মেয়ে ও শিশুপুত্রকে নিয়ে বর্তমানে অতিকষ্টে তার দিন কাটছে। তার একমাত্র অবলম্বনই হলো তার স্বামীর কাছ থেকে চুক্তিকৃত ৫ শতকের এক খণ্ড রেলওয়ের পতিত জমি।
জিনিয়া এই জমিটিতে টিনের বেড়াবেষ্টিত একটি ঘরে কারুপণ্যের দোকান ও ফাঁকা জায়গায় কাঠ-খড়ি বিক্রি করে সংসার চালাচ্ছেন। এই সামান্য আয় দিয়েই দুই সন্তানের ভরণপোষণ ও লেখাপড়ার খরচ চালান তিনি।
সাবেক স্বামী বুলবুল আহমেদ সন্তানদের ভরণপোষণ তো দূরের কথা উপরন্তু আয়ের একমাত্র সম্বল জমিটিও জবর দখল করতে চেষ্টা চালাচ্ছেন। নিজে এবং অজ্ঞাত লোকদের লেলিয়ে দিয়ে হুমকি-ধমকিও অব্যাহত রেখেছেন। দোকান ভাঙচুর ও মালামাল লুটপাটের হুমকিও দেওয়া হচ্ছে। মানবিক কারণে এই অসহায় নারী রেলওয়ের পতিত এই জমিটি তার নামে সহজ শর্তে লিজ দেওয়ার অন্তর্বর্তী সরকারের রেলওয়ে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।