পাইকগাছা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ২১:৪৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫ ২২:০৩ পিএম
খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়নে কোনো স্লুইসগেট না থাকায় ১৬০০ বিঘার অধিক জমি ও অসংখ্য বাড়িঘর জলবদ্ধতায় নিমজ্জিত। দ্রুত জলবদ্ধতা নিরসন ও একটি স্লুইসগেট নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দ্রুত এ সমস্যা সমাধান না করলে আমরণ অনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে গড়ইখালীর পরিত্যক্ত ওয়াপদা অফিসের প্রধান সড়কে কয়েশ এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।
স্থানীয় সমাজসেবক জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও মাদ্রাসা সুপার আমিনুল ইসলাম। জহির রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তৃতা করেনÑ স ম রিজাউল করিম, আমিনুল হক, মফিজুল ইসলাম লিটু, প্রভাষক শহীদ আইয়ুব, সাবেক ছাত্রনেতা মাস্টার এসএম হাফিজুর রহমান, আব্দুল গণিসহ এলাকার সুধীজনরা।
এতে বক্তারা বলেন, ১৭ বছর আগে নিকারীর ছোপ খালের মাথায় এলাকাবাসী একটা কালভার্ট নির্মাণ করেছিলেন। সেখান দিয়ে পানি সরবরাহ হতো। কিন্তু সেটা নষ্ট হওয়ায় এলাকাটি পানি ওঠা-নামার কোনো ব্যবস্থা নেই। ফলে এলাকাবাসী শুকনো মৌসুমে খরার শিকার ও বর্ষা মৌসুমে পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। কোনো রকমে স্যালোমেশিনে পানি তুলে চিংড়ি, মাছ চাষ ও কৃষি ফসলের উদ্যোগ নিলেও বারবার ক্ষতিগ্রস্ত হতে হয়।
এতে বক্তারা আরও বলেন, অনেকেই জলবদ্ধতার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র মানবেতর জীবন কাটাচ্ছেন। ভোটের আগে সব এমপি ও চেয়ারম্যান প্রার্থীরা বলেছিলেন নির্বাচিত হতে পারলে এ সমস্যা আর থাকবে না। কিন্তু ৪ জন এমপি, কয়েকজন চেয়ারম্যানকে আমরা নির্বাচিত করেছি। অথচ আমাদের সমস্যা সমাধান কেউ করেননি। স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে অংশ নিয়ে দ্রুত এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত যাতে পানি নিষ্কাশন ও নতুন একটা স্লুইসগেট নির্মাণ করা না হয়, তাহলে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি দেন।