কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ১৮:৩১ পিএম
মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ শিকারের সময় তিন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপি সংলগ্ন হরিপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন শরীফপুর ইউনিয়নের বাসিন্দা সোহাগ মিয়া (২৩), মাসুক রহমান মন্টুরি (২০) ও সিপার আহমদ (২২)।
আটকদের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সীমান্তের ভেতর মাছ শিকারের সময় চোরাকারবারি সন্দেহে বিএসএফ সদস্যরা এসে তাদের আটক করে নিয়ে যায়।
আটক মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, ‘বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকারের সময় ১৫-২০ জন বিএসএফ সদস্য এসে আমার ভাইসহ তিনজনকে নিয়ে যায়। আমরা বিষয়টি বিজিবির স্থানীয় ক্যাম্পে জানিয়েছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ আহমদ বলেন, ‘শরীফপুর সীমান্ত থেকে তিন যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে আমরা স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’