মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ২১:১৭ পিএম
গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গণের মঞ্চে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা এ ঘোষণা দেন। এর আগে বিকেলে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জেলা শহরের মাদারীপুর-শরীয়তপুর সড়কে বিক্ষোভ মিছিল করেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।
জানা যায়, সারাদেশে পথযাত্রার অংশ হিসেবে বুধবার দুুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওয়ানা দেন এনসিপির নেতারা। পরে তাদের উপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়। পরে সমাবেশের নতুন তারিখ জানানো হবে বলে জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, আজকে এই মাদারীপুরের মঞ্চে সমাবেশ হবার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের হামলার ঘটনার পর সমাবেশটি স্থগিত করা হয়েছে। আগামীতে অন্য কোন তারিখে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
মাদারীপুর পুলিশ সুপার নাইমুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মাদারীপুর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এনসিপির পূর্ব নির্ধারিত প্রোগ্রাম হবে কিনা বা স্থগিত করল এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি।