ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ১৭:৫৩ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫ ১৭:৫৪ পিএম
টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ এনসিপির। প্রবা ফটো
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা।
এ সময় তারা ‘ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ’; ‘এনসিপি নেতাদের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’; ‘লীগ ধর, জেলে ভর’; ‘দিয়েছিতো রক্ত আরও দেব রক্ত’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগান দেন।
এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
এনসিপির স্থানীয় সংগঠক আব্দুল আজিজ বলেন, ‘গোপালগঞ্জে আমাদের নেতারা জুলাই রোড মার্চ গিয়েছিল, সেখানে যাওয়ার সময় ও ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা করে এবং আসার পথেও গাড়িবহরে হামলা করে। সেখানে দুই দফা হামলায় আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবরুদ্ধ রয়েছে। এ অবস্থায় নেতৃবৃন্দ ফিরে না আসা পর্যন্ত আমরা এই কর্মসূচি অব্যাহত রাখব। অন্তর্বর্তী সরকার আমাদের নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘আন্দোলনকারীদেরকে আমরা মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বলেছি। তারা বলেছে অল্প সময়ের মাঝেই তারা সরে যাবে।’