গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ১৬:৩৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫ ১৬:৫৫ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হওয়ার পর গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
এর আগে এনসিপি সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। সমাবেশ শেষে মাদারীপুর ফেরার পথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার শিকার হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। বেলা ৩টার দিকে শহরের পৌর পার্কে এ হামলার ঘটনা ঘটে।
এর আগে উত্তেজনার মধ্যে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ইউএনও এম রকিবুল হাসান বলেন, হামলার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন।
১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে যায় দলটি। গতকাল মঙ্গলবার দলের এই কর্মসূচিকে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।