ভোলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ২০:০৭ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মুক্তিযোদ্ধা বনাম রাজাকার; এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল, মুজিববাদ আর্দশে দেশকে বিভাজন করে রেখেছিল। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা শেখ হাসিনার বিভাজনকে তোয়াক্কা না করে সামনে দিয়ে এগিয়ে গিয়েছিলাম। গণপ্রতিরোধের ফলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে।’
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ভোলায় জুলাই পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নতুন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। যে বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ, কৃষকের বাংলাদেশ ও আম-জনতার বাংলাদেশ হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। জুলাই-আগস্টে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভোলার সন্তানেরা। ভোলার সন্তানেরা যে সাহসী তার প্রমাণ এটি।’
এসময় পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় কমিটির জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অনেকে উপস্থিত ছিলেন।