ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ১৭:৪৮ পিএম
ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক নারী ও তার দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের টিএন্ডটি রোডের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ওই এলাকার গার্মেন্টস শ্রমিক রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম, তার মেয়ে রাইসা (৪) এবং ছেলে নীরব (২)।
এ ঘটনার পর থেকে স্বামী রফিক উদ্দিনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
পুলিশ ও স্থানীয়রা জানান, ময়নার স্বামী রফিকুল ইসলাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকা পৌর শহরের টিএন্ডটি রোডের ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রফিক উদ্দিন তার স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বসবাস করেন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’
ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।