চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ২২:৪৬ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫ ২২:৪৯ পিএম
চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ.ন.ম নূর রহমানের হামলাকারী বিল্লাল হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার সদর আদালতে আসামির রিমান্ড শুনানি হবে। শনিবার (১২ জুলাই) চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে তিনি এ জবানবন্দি দেন।
আদালত সূত্রে জানা যায়, বেলা ৩টার দিকে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন চাঁদপুর সদর মডেল থানার সাব ইন্সপেক্টর নাজমুল হোসেন। তিনি জানান, আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে শুক্রবার (১১ জুলাই) চাঁদপুর পৌর এলাকার প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে জুমআর নামাজে ইমামতি করেন মাওলানা আ.ন.ম নূর রহমান মাদানী। জুমার খুতবা-আলোচনা নিয়ে মতবিরোধ ছিল ওই এলাকার ভ্রাম্যমাণ ব্যবসায়ী বিল্লাল হোসেনের। খতিবের প্রতি ক্ষিপ্ত ছিলেন তিনি, যার কারণে নামাজ শেষে মসজিদের ভেতরেই পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে খতিবের ওপর হামলা চালায়। এতে খতিব নূর রহমান মাদানীর মাথায় মারাত্মক জখম হয়। তাৎক্ষণিকভাবে মুসল্লিরা খতিবকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং হামলাকারী বিল্লালকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার দিন (শুক্রবার) রাতেই নূর রহমান মাদানীর বড় ছেলে আফনান তাকি বাদী হয়ে বিল্লাল হোসেনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন কোট ইন্সপেক্টর শহীদুল্লাহ পিপিএম, এপিপি অ্যাডভোকেট আব্দুল কাদের খান, অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম।
অন্যদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিকালে চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতারা। এ সময় কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, জেলা জামায়াতের আমির মাও. বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, উগ্রবাদের কোনো ঠাঁই চাঁদপুরে হবে না। আলেম-উলামাদের ওপর হামলা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে, তাদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি প্রশাসনের কাছে। তিনি আরও বলেন, আলেমদের ওপর হামলা মানে ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত। প্রশাসনকে এর দায় নিতে হবে। আমরা জানতে চাই, কেন মসজিদের মতো পবিত্র স্থানে এমন হামলা হলো।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, সদর উপজেলা জামায়াতের আমির মাও. আফসার উদ্দিন মিয়াজী, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ খান।