রাজশাহী অফিস
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ২২:৩৩ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫ ২২:৫০ পিএম
আসন্ন নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার। শনিবার (১২ জুলাই) বেলা ১০টায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সঙ্গে রাজশাহীর সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন সাংবাদিক কার্ড নিয়ে নির্বাচন কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। যেসব ধারা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হতো বর্তমান সরকার সেসব ধারা বাতিল করেছে।
আগামী নির্বাচনে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে উল্লেখ করে তিনি জানান, আসন্ন নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে বাধ্য করা হবে। এ সময় তিনি বিগত সময়ের নির্বাচনের সমালোচনাও করেন।
অনুষ্ঠানের শুরুতে পরিচয় পর্ব শেষে স্থানীয় বিভিন্ন সম্ভাবনা ও প্রতিবন্ধকতা তুলে ধরেন স্থানীয় সাংবাদিক ও সুধীজন। আলোচনায় আসন্ন নির্বাচনকে গুরুত্ব দিয়ে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকার করণীয় তুলে ধরা হয়।