প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ১৭:৪৪ পিএম
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে।
শনিবার (১২ জুলাই) সাভারে ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়াটিভস কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
“সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার” স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে এক দিনে এক লক্ষ চারাগাছ রোপণ করা হচ্ছে।
পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকা শহর ও আশপাশের এলাকার বায়ুদূষণ, শব্দদূষণ ও ধুলাবালির ভয়াবহতা রোধে আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। গাছ লাগানো এই পরিবর্তনের পথের প্রথম ধাপ। শুধু চারাগাছ লাগালেই হবে না, তা রক্ষা করাও আমাদের দায়িত্ব। বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে না৷
এসময় তিনি ক্ষতিকর পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, যেখানে সেখানে বর্জ্য পোড়ানো যাবে না।
শব্দদূষণ রোধে গাড়ির হর্ন না বাজাতে ড্রাইভারদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।
ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকার বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। আরও বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মোসাম্মাৎ মাহমুদা রোকসানা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জনাব আবুল কালাম আজাদ এবং সাভার উপজেলার নির্বাহী অফিসার জনাব আবুবকর সরকার।
পরে উপদেষ্টা, সাভার উপজেলা পরিষদ চত্বরে একটি কাঠাল গাছের চারা রোপণের মাধ্যমে সাভার উপজেলায় এক দিনে ১ লক্ষ চারাগাছ রোপণের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে সরকার আইনানুগ গ্রহণ অব্যাহত রাখবে।