চমেক
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ২৩:২৭ পিএম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে বহিরাগত এনে ছাত্রলীগের নিষিদ্ধ সংস্কৃতি ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসে বহিষ্কৃত ছাত্রলীগ ক্যাডারদের পুনর্বাসন এবং বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করার অভিযোগ তুলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।
শিক্ষার্থীরা জানান, সাবেক ছাত্রলীগকর্মী আসিফ হাসান নিয়নকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে উত্তেজনা তৈরির জন্য গত ৭ জুলাই রাতে কয়েকজন শিক্ষকের ইন্ধনে বহিরাগত লোকজনকে হোস্টেল এলাকায় এনে জড়ো করা হয়। মেডিকেল কলেজ এবং হোস্টেলের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের আনাটা স্পষ্ট ষড়যন্ত্র। এই বহিরাগত কারা? কেন এলো? কে এনেছে? এর জবাব আমরা এখনও পাইনি। শুধু তাই নয়, ছাত্ররা অভিযোগ তোলেন, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে পুরনো ছাত্রলীগ দখলদারিত্ব ফিরিয়ে আনতেই এই বহিরাগতদের ব্যবহার করা হয়েছে।
সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বহিরাগত এনে কেউ আবার ছাত্রলীগের সন্ত্রাসী সংস্কৃতি চালু করতে চাইছে। প্রশাসনকে দ্রুত এ বিষয়ে আদেশ জারি করতে হবে। তা না হলে ছাত্রসমাজ নিজেরাই ব্যবস্থা নেবে।
তারা আরও বলেন, যারা ক্যাম্পাসে বহিরাগত ঢুকিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে, তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাসের নিরাপত্তা ভেঙে বহিরাগত ঢোকানো কোনোভাবেই বরদাশত করা হবে না।