সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ২১:০৪ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫ ২১:১৮ পিএম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকার মুক্তির সোপান চত্বরে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটি সারা দেশের ৬৪টি জেলাতেই নির্মিত হবে। আশা করছি আগামী ৫ আগস্ট স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণেই এ স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে। ৫ আগস্ট শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জ জেলায় ছাত্র, সাধারণ জনগণ ও পুলিশের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান ২৯ জন।