সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ২০:৫৫ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫ ২১:২১ পিএম
সুনামগঞ্জের দিরাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে সিলেট নগরীর সুবিদবাজার থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাত আড়াইটার দিকে লন্ডনি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় জনতা ও বিএনপি কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, প্রদীপ রায়কে স্থানীয় জনতা আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, প্রদীপ রায়ের বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে এবং তাকে জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৭ জানুয়ারি দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া জলমহাল নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত হন। ওই ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হয়েছিল, তবে চার্জশিটে তাকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া ২০২১ সালের ১৮ অক্টোবর দিরাইয়ের ভাটিপাড়া জলমহালের দখল নিয়ে সংঘর্ষে আরও একজন নিহত হন, সেই মামলাতেও তিনি আসামি ছিলেন।
উল্লেখ্য, প্রদীপ রায় দীর্ঘ ১৫ বছর দিরাই-শাল্লায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি নানা বিতর্কিত কর্মকাণ্ডে স্থানীয়ভাবে সমালোচিত হন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তার ভাই বিশ্বজিৎ রায় আওয়ামী লীগের প্রার্থী হয়ে দিরাই পৌরসভায় মেয়র নির্বাচিত হন। সরকার পতনের পর থেকে প্রদীপ রায় ও তার ভাই আত্মগোপনে ছিলেন। তার অবস্থান নিশ্চিত হয়ে বিএনপি কর্মীরা স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।