রোহিঙ্গা ক্যাম্পে ৪ রোহিঙ্গা খুন
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ২০:৩৩ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫ ২০:৫৩ পিএম
মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজারের আদালত। বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ রোহিঙ্গা ক্যাম্পে একই সঙ্গে চার খুনের একটি মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আরসা প্রধান আতাউল্লাহ জুনুনী ২০২০ সালের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর-মার্ডার মামলায় এজাহারভুক্ত আসামি। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তে রয়েছে। তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আরসা প্রধানকে আনা হয় আদালত প্রাঙ্গণে। আদালতের আদেশ শেষে তাকে আবারও কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সুবিধাজনক সময়ে কারাগার থেকে তাকে রিমান্ডে নিয়ে যাবেন বলে জানিয়েছেন মো. গোলাম জিলানী।
তিনি আরও জানান, আতাউল্লাহর বিরুদ্ধে উখিয়া থানায় তিনটি এবং নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা রয়েছে। চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব।