চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ২০:৩০ পিএম
চট্টগ্রামে উন্মুক্ত নালায় পড়ে আরও একটি প্রাণ গেল। বুধবার (৯ জুলাই) চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন উত্তর আগ্রাবাদ এলাকায় নালায় পড়ে হুমায়রা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত হুমায়রার বাবার নাম মো. রহমান।
ঘটনার প্রত্যক্ষদর্শী তরুণ ব্যবসায়ী মাহমুদুর রহমান শাওন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বেলা ৩টার দিকে বৃষ্টির সময় শিশুটি তার বাসার সামনে হাঁটাহাঁটি করছিল। এসময় পানির স্রোতে নালায় পড়ে যায় শিশুটি। স্থানীয়রা অনেকক্ষণ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌনে ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের লিডার কামরুল ইসলাম বলেন, শিশুটি যে নালায় পড়েছিল সেখান থেকে ৩০ গজ দূর থেকে তাকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পানি সরে যেতে সড়কের একটি জায়গায় স্ল্যাব তোলা ছিল। ওই জায়গা দিয়ে শিশুটি পড়ে যায়।
এর আগেও বিভিন্ন সময় উন্মুক্ত নালায় পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে একজনকে আর খুঁজেই পাওয়া যায়নি।
চলতি বছরের ১৮ এপ্রিল রিকশা থেকে ছিটকে উন্মুক্ত নালায় পড়ে যায় দুই নারী ও তাদের সঙ্গে থাকা সেহরীস নামে ছয় মাস বয়সী এক শিশু। স্থানীয়দের সহায়তায় দুই নারীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। পানির স্রোতে শিশুটি তলিয়ে যায়। পরদিন চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুর মোড়ে সবজি বিক্রেতা সালেহ আহমেদ বৃষ্টির মধ্যে নালায় পড়ে নিখোঁজ হন। দীর্ঘদিন উদ্ধার অভিযান চালানো হলেও তার মরদেহ আর পাওয়া যায়নি। একই বছরের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদ এলাকায় হাঁটার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া উন্মুক্ত নালায় পড়ে মারা যান।
একই বছরের ৭ ডিসেম্বর ষোলশহর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হয় শিশু কামাল। তিন দিন পর মুরাদপুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। ২০২৩ সালের ২৭ আগস্ট আগ্রাবাদ রঙ্গীপাড়ায় উন্মুক্ত নালায় পড়ে যায় ১৮ মাসের শিশু ইয়াছিন আরাফাত। ১৭ ঘণ্টার চেষ্টার পর উদ্ধার হয় তার মরদেহ।