চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ১৭:৫৮ পিএম
চট্টগ্রামে প্রথমবারের মতো মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ৪২ বছরের এক পুরুষ ও এক নারীর শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম নগরীর ইপিক হেলথ কেয়ার নামে একটি বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষায় এই জিকা ভাইরাস শনাক্ত হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আক্রান্ত পুরুষের শরীর ব্যথা, জ্বর ও শরীর লালচে এবং আক্রান্ত নারীর জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে যাওয়ার সমস্যায় ভুগছেন। পরে তারা ইপিক হেলথ কেয়ারের ল্যাবে পরীক্ষা করান। সেখানে ওই রোগীদের রক্তে জিকা ভাইরাসের অস্তিত্বের প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।
এ প্রসঙ্গে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জিকা ভাইরাসে শনাক্ত হওয়া দুইজনের বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আইইডিসিআরের তথ্য অনুযায়ী, জিকা ভাইরাসে আক্রান্তদের প্রায় ৮০ শতাংশের মধ্যে কোনো উপসর্গই দেখা যায় না। তবে বাকি ২০ শতাংশ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা যায়। আক্রান্তদের মধ্যে— চামড়ায় লালচে দানার মতো ছোপ (র্যাশ), মাথাব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, মাংসপেশি ও গিঁটে ব্যথা দেখা দিতে পারে। সাধারণত আক্রান্ত হওয়ার তিন থেকে ১২ দিনের মধ্যে উপসর্গগুলো দেখা দেয়। এই উপসর্গ দুই থেকে সাতদিন স্থায়ী হতে পারে। #০৮.০৭.২৫