ফটিকছড়ি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১৮:৪৫ পিএম
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান। সোমবার (৭ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে (বাবুনগর মাদ্রাসা) এই সাক্ষাৎ হয়।
আমিরের ছেলে মাওলানা মুফতি আইয়ুব বাবুনগরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রদূত সকালে মাদ্রাসায় পৌঁছলে তাকে হেফাজত নেতা ও মাদ্রাসা কর্তৃপক্ষ ফুল দিয়ে উষ্ণ স্বাগত জানান।’
বাবুনগর মাদ্রাসা ও হেফাজত সূত্র জানায়, সকালে মাদ্রাসা ক্যাম্পাসে আসেন ইউসুফ এসওয়াই রামাদান। এ সময় হেফাজত আমিরের ছেলে মুফতি আইয়ুব বাবুনগরী রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান। পরে তিনি আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করেন। ফিলিস্তিন রাষ্ট্রদূত হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় নিজ দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে ইউসুফ রামাদান হেফাজত আমিরের কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চান। সাক্ষাৎকালে ইসলাম ও মুসলিম স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন আমির ও রাষ্ট্রদূত।
পরে মাদ্রাসায় ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান। সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শাহ হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শাহ আইয়ুব বাবুনগরী ও সাহিত্যবিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী।
রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান সাংবাদিকদের বলেন, ‘দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মজলুম ফিলিস্তিনের জনগণের পক্ষে সোচ্চার থাকায় কৃতজ্ঞতা জানাতে হেফাজত আমিরের সঙ্গে দেখা করতে এসেছি। বাংলাদেশের সরকার, জনগণ ও হেফাজত নেতারা সব সময় ফিলিস্তিনকে সমর্থন জুগিয়ে আসছে। এ দেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ।’
বাবুনগর মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মুফতি ইকবাল আজিমপুরী বলেন, ‘ফিলিস্তিনের নির্যাতিত মজলুম জনগণের পক্ষে স্পষ্ট ভূমিকা এবং মুসলিম ও ইসলামের স্বার্থরক্ষায় হেফাজতের আমিরের অবস্থানকে শ্রদ্ধা জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। এসওয়াই রামাদান আশা করেন গাজাবাসীর পক্ষে হেফাজত ভবিষ্যতে আরও জোরালো ভূমিকা রাখবে।’