বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ২০:৪৩ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫ ২০:৫৪ পিএম
মডেল মসজিদ স্থাপিত হলে ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতার বিকাশ ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলার মেঘলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচনের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শান্তি প্রশান্তির খোঁজে মানুষ মসজিদে আসেন। মানুষ ইবাদত ও নামাজমুখী হলে সমাজে অপরাধপ্রবণতা হ্রাস পায়। নামাজ মানুষকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমরা বিশ্বাস করি, মসজিদের মাধ্যমে নৈতিকতা মূল্যবোধ ভ্রতৃত্ববোধ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সমাজের কাছে পৌঁছে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, বান্দরবানের প্রবেশদ্বার ও জনপ্রিয় পর্যটনকেন্দ্রের পাশে সুন্দর এই মডেল মসজিদ স্থাপন হবে, সেটা ভাবতেই আনন্দ লাগছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিশেষ করে সাতকানিয়ার লোকজন ও এ অঞ্চলের মানুষ ভ্রাতৃত্ববোধ নিয়ে সহঅবস্থানে বসবাস করে আসছে। ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে এই মসজিদ অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আওয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, গণপূর্ত অধিদপ্তরেরর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান পৌর প্রশাসক এসএম মনজুরুল হক প্রমুখ।