কাজল বরণ দাস, পটুয়াখালী
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ২০:৪২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫ ২০:৫৪ পিএম
দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে গলায় ডেলিগেট কার্ড ঝুলিয়ে উপস্থিত ছিলেন এক উপজেলা শ্রমিক লীগ নেতা। ওই শ্রমিক লীগ নেতার নাম খলিল শরীফ। তিনি দুমকি উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি পদে আছেন।
বিএনপির সম্মেলনে তার ডেলিগেট হওয়ার ঘটনায় জেলাজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপির সম্মেলনে তার ডেলিগেট কার্ড পাওয়ায় তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।
একই সঙ্গে আওয়ামী লীগের লোকজনের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় বিএনপির কাছে দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
দলীয় একাধিক সূত্রমতে, গত বুধবার দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দুমকি উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি খলিল শরীফকে ডেলিগেট কার্ড ঝুলিয়ে উপস্থিত হতে দেখা যায়। ওই সম্মেলনে বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে তার সেলফি তুলতেও দেখা গেছে। যেখানে তৃণমূলের অনেক ত্যাগী নেতাকর্মীরাই কার্ড বঞ্চিত, সেখানে একজন শ্রমিক লীগ নেতা কীভাবে কার্ড পেলেন? তৃণমূল নেতাকর্মীদের এই প্রশ্ন।
ক্ষুব্ধ নেতাকর্মীদের কেউ কেউ সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ তার নিজের ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘যিনি এই লোককে অতিথি কার্ড দিয়েছেন, তাকে খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আমরা কিন্তু কাউকেই ছাড় দিব না।’
এ ব্যাপারে জানতে জাকারিয়া বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করেছি। জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতন হয়েছে। দীর্ঘ এই লড়াই সংগ্রামে যারা আমাদের ওপর হামলা করেছেন। রক্ত ঝরিয়েয়েছেন। সেই শেখ হাসিনার দোসর শ্রমিক লীগ নেতা বিএনপির সম্মেলনে ডেলিগেট কার্ড পায়; যা দেখে আমার হৃদয়ে রক্তক্ষণ হয়।
এ বিষয়ে দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, আমার চোখে পরেনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। যারা তাকে ডেলিগেট কার্ড দিয়েছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন বলেন, এত বড় একটা প্রোগ্রাম যেখানে ১৫ থেকে ২০ হাজারের অধিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ অংশ নিয়েছে। এত বড় অনুষ্ঠানে কে কোথা থেকে আসছে, আমাদের জানা ছিল না।