রাজশাহী অফিস
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ২০:৩৮ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫ ২০:৫৫ পিএম
রাজশাহীর ভদ্রা পারিজাত এলাকায় একটি বাসায় হামলা চালিয়ে মব সৃষ্টি করে নগদ দুই লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুটপাট এবং হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় নগরীর চিলিস রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী হাবিবা আক্তার মুক্তা।
সংবাদ সম্মেলনে হাবিবা আক্তার মুক্তা বলেন, ভদ্রা পারিজাত আবাসিক এলাকার ২ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির লিফটের ৫-৬ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা। গত ৩ জুলাই দুপুর ২টার দিকে আমার মেয়ের জামাইয়ের ভাই মাহমুদ হাসান সিসিল সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে আমার বাসার সামনে মব তৈরি করে। এ সময় বাড়িতে থাকা নগদ দুই লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি আমাকে নির্যাতন করা হয়। তিনি বলেন, এই ঘটনাটি পরিকল্পিত ডাকাতির মতোই। আমি সেসময় বাসায় একা ছিলাম। পরে বিকাল ৪টার দিকে সিসিল পুলিশ ও স্থানীয় কিছু লোক নিয়ে এসে তল্লাশির নাটক সাজায়। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত রয়েছে এবং তা পুলিশকে প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ঘটনার মূল উদ্দেশ্য হলো আমার জামাই মেহেদী হাসান সিজারকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা। আমার জামাই সিজারের বাবা রাজশাহীর একজন ঠিকাদার ছিলেন। তিনি রাজশাহীর সুপরিচিত ঠিকাদার মাহবুব কন্টাকটর, যিনি ২০২১ সালে মৃত্যুবরণ করেন। তার রেখে যাওয়া মূল্যবান সম্পত্তি দখল করতেই সিজারকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছে সিসিল। তার ধারাবাহিকতায় গত ২৯ জুন আমার জামাইয়ের বাড়িতে সিসিল সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায়। ওই হামলার সিসি ক্যামেরা ফুটেজও আমদের কাছে সংরক্ষিত আছে।
তিনি বলেন, সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যেই এই হামলা। এর সঙ্গে কোনো রাজনৈতিক সংযোগ নেই। যদিও সিসিল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যার প্রমাণস্বরূপ ছবি আপনাদের সরবরাহ করা হয়েছে। আমি ও আমার স্বামী এবং আমার মেয়ে ও জামাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। তবে সিসিল তার ভাই সিজারকে তার পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে পুরো সম্পত্তি সিসিল নিজে আত্মসাতের জন্য এই মব সৃষ্টি করে আমাদের জিম্মি করার পাশাপশি বাড়িতে ডাকাতি ও আমার মেয়ে জামাই সিজারকে হত্যার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করে।
এই ঘটনায় ইতোমধ্যে চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ সব তথ্য পুলিশকে দেওয়া হয়েছে।