চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ২০:৩৪ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫ ২০:৫৭ পিএম
চুয়াডাঙ্গার উথুলী রেলস্টেশনে একটি ট্যাংকলরি ট্রেনের ব্রেকগার্ড বগি লাইনচ্যুত হওয়ার কারণে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরবঙ্গের ট্রেন চলাচল প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে মোংলা বন্দরের ঈশ্বরদী-সিরাজগঞ্জবাজারগামী চিটাগুড়বাহী একটি ট্যাংকলরি ট্রেন উথুলী স্টেশনে প্রবেশের সময় ক্রসিং শেষে মেইন লাইনে উঠতে গেলে গার্ডব্রেকের একটি বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলের উথুলী স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, দুর্ঘটনার পরপরই বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনটি কিছুদূর গিয়েই থেমে যায়। পরে লাইনচ্যুত বগিটি রেখে বাকি ওয়াগনগুলো সন্ধ্যা পৌনে ৬টার দিকে দর্শনার উদ্দেশে রওনা দেয়। ঘটনার পর রেলওয়ের উদ্ধারকারী দল কাজ শুরু করে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে রাত সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত বগিটিকে তুলে উথুলী স্টেশনের ইয়ার্ড লাইনে সরিয়ে নেয়। এরপর খুলনা-ঢাকা ও খুলনা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।