পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ২০:৩১ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫ ২০:৫৮ পিএম
ভারত থেকে এলসির (ঋণপত্র) মাধ্যমে টমেটো আমদানি সাময়িকভাবে বন্ধের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন টমেটো চাষি ও ব্যবসায়ীরা। শনিবার (৫ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পঞ্চগড় ও নীলফামারী জেলার চাষি ও ব্যবসায়ীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন টমেটো ব্যবসায়ী রাসেল আলী, হাসিবুল আলম রিজু, আহমদ দুলু, রিয়াজুল ইসলাম ও গোলাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মৌসুম শেষে টমেটোর দাম বাড়তে থাকায় কৃষকদের কাছ থেকে বেশি দামে টমেটো কিনেছেন ব্যবসায়ীরা। যার বিক্রয়ের অপেক্ষায় রয়েছে। বাজারে দামও বেশ ভালো ছিল। কিন্তু ভারত থেকে এলসির মাধ্যমে টমেটো আসার পর হঠাৎ দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। ফলে মজুদ করা টমেটো বিক্রি করতে পারছেন না, কৃষকদের পাওনা ও শ্রমিকদের মজুরি পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে। মাত্র দুই সপ্তাহ ভারত থেকে টমেটো আমদানি বন্ধ থাকলেই স্থানীয়ভাবে উৎপাদিত টমেটো বিক্রি শেষ হয়ে যাবে। অন্যথায় চাষি ও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন।
চাকলাহাটের ব্যবসায়ী রাসেল আলী বলেন, মৌসুম শেষে আমি কৃষকদের কাছ থেকে প্রতি মণ টমেটো ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে কিনেছি। এই টমেটো পাকিয়ে প্রতি ক্রেট (২৫ কেজি) এক হাজার ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রয় করছিলাম। কিন্তু ভারতীয় টমেটো বাজারে ঢোকার পর প্রতি ক্যারেট টমেটোর দাম নেমে এসেছে মাত্র ৫০০-৬০০ টাকায়। এতে আমার একারই প্রায় ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন কৃষক ও শ্রমিকদের পাওনা মেটাতে পারছি না।