হিলি কাস্টমস
হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ১৭:১২ পিএম
দিনাজপুরের হিলি কাস্টমসে ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ সম্ভব হয়নি। ৭৪০ কোটি ৯ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৭১৯ কোটি ৩৩ লাখ টাকা। ফলে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৭৬ লাখ টাকা।
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের বিভিন্ন মাসে ধারাবাহিকভাবে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় হয়েছে। বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, এপ্রিল ও জুন মাসে লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্য ঘাটতি দেখা দেয়। তবে ফেব্রুয়ারি ও মে মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। সেই মোতাবেক অর্থবছরের প্রথম জুলাই মাসে ৪৫ কোটি ৯ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৪৫ কোটি ৭৬ লাখ টাকা। আগস্টে ৬০ কোটি ৮৯ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৫৮ কোটি ৩৯ লাখ টাকা। সেপ্টেম্বরে ৫৯ কোটি ৬৬ লাখ টাকার বিপরীতে আহরণ হয়েছে ৫৫ কোটি ৭ লাখ টাকা। অক্টোবরে ৬২ কোটি ৬৫ লাখ টাকার বিপরীতে রাজস্ব এসেছে ৬১ কোটি ৮৯ লাখ টাকা। নভেম্বরে ৬৫ কোটি ১৯ লাখ টাকার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৪৩ কোটি ৮৯ লাখ টাকা। ডিসেম্বরে ৬৯ কোটি ২১ লাখ টাকার বিপরীতে আহরণ হয়েছে ৫৩ কোটি ৫৬ লাখ টাকা। জানুয়ারি মাসে ৬৭ কোটি ৮৫ লাখ টাকার বিপরীতে রাজস্ব এসেছে ৪৯ কোটি ৩১ লাখ টাকা। ফেব্রুয়ারি মাসে ৫১ কোটি ৬১ লাখ টাকার বিপরীতে অর্জিত হয়েছে ৭০ কোটি দুই লাখ টাকা। মার্চ মাসে ৭৬ কোটি ৩০ লাখ টাকার বিপরীতে আহরণ হয়েছে ৯৫ কোটি ৭৭ লাখ টাকা। এপ্রিল মাসে ৬৯ কোটি ৮৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৪৭ কোটি ৮৬ লাখ টাকা। মে মাসে ৪৯ কোটি ১৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ১০১ কোটি ৮২ লাখ টাকা। জুন মাসে ৬২ কোটি ৬৮ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৭ কোটি ৩৯ লাখ টাকা। মোট রাজস্ব আহরণ হয়েছে ৭১৯ কোটি ৩৩ লাখ টাকা। ঘাটতি রয়েছে ২০ কোটি ৭৬ লাখ টাকা।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার মূল কারণ হচ্ছে আমদানি হ্রাস। আগে যেখানে ২৫০ থেকে ৩০০ ট্রাক পণ্য আমদানি হতো। বর্তমানে সেখানে আমদানি হয় মাত্র ৩৫ থেকে ৪০ ট্রাক পণ্য। যার কারণে রাজস্ব আয়ে প্রভাব পড়েছে। আমদানি বাড়লে চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে।