শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ১৬:৩০ পিএম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সংশ্লিষ্টদের ধারণা, এটিকে পরিকল্পিতভাবে বিদ্যুৎ শক দিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) ভোরে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, ভোরে কাটাবাড়ি এলাকায় বন্য হাতিটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে জীববৈচিত্র্য ও সংরক্ষণ বিভাগ এবং বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। মৃত হাতিটি একটি পুরুষ হাতি। এর বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছর।
রিসার্চ অ্যান্ড কনজারভেশন অব এলিফ্যান্ট বাংলাদেশের সভাপতি আসিফুজ্জামান পৃথিল বলেন, আমাদের প্রাথমিক অবজারভেশন অনুযায়ী, হাতিটিকে পরিকল্পিতভাবে বিদ্যুৎ শক দিয়ে হত্যা করা হয়েছে; যা এ অঞ্চলের বেশিরভাগ হাতির মৃত্যুর কারণ। এ পাহাড়ে ভূমি খেকোদের উন্মাদনায় হাতিগুলোকে মেরে ফেলার চেষ্টা প্রায়ই হচ্ছে, যা বনবিভাগসহ বিভিন্ন দপ্তর অবগত। আমরা চাই, ভূমিখেকোদের সেই চক্রটিকে দ্রুত আইনের আওতায় এনে হাতিগুলোকে বাঁচতে দিন। হাতিগুলোকে হাতির নিজস্ব ভূমিতে থাকতে সহায়তা করুন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, হাতিটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হবে। এরপর নিয়ম অনুযায়ী হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে। বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।