রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ২২:০০ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫ ২২:০৪ পিএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মিথ্যা মামলা ও ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে রাঙ্গুনিয়া থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজান ও মামলার বাদী অ্যাডভোকেট ফজলের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শুক্রবার (৪ জুলাই) বিকালে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সামনে মরিয়মনগর গাবতল ডিসি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন হারুন অর রশীদ, মো. আলমগীর, ফরিদ মিয়া, ইদ্রিস তালুকদার, মো. খোকন, আজিম উদ্দিন লাভলু, ডা. শাহ আলম, মো. হারুণ, জান্নাতুল ফেরদৌস, তারেক প্রমুখ।
মানববন্ধনে বক্তার বলেন, অ্যাডভোকেট ফজল জায়গা-সংক্রান্ত বিষয় নিয়ে গত দুই মাস আগে পার্শ্ববর্তী আলমগীর, ইদ্রিস, রুবেল ও জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরে সে মামলার তদন্তে আসেন রাঙ্গুনিয়া থানার সাবেক এসআই উত্তম। তিনি তদন্ত শেষে রিপোর্ট দেওয়ার আগে অ্যাডভোকেট ফজল তার ওপর নারাজি দিয়ে তদন্তের দায়িত্ব এসআই মিজানকে দিতে বলেন। পরে এসআই মিজান আর্থিক লেনদেনের মাধ্যমে মামলার মিথ্যা রিপোর্ট প্রদান করেন। অতিসত্বর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।