× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালী

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন ব্যবসায়ী

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ২০:০২ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৫ ২০:২৫ পিএম

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন ব্যবসায়ী

নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শহীদ মেজবাহ উদ্দিন সড়কের দীর্ঘদিনের দুরবস্থা অবসান হয়েছে একজন তরুণ ব্যবসায়ীর ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগে। জনদুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে প্রায় এক কিলোমিটার সড়ক সংস্কার করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. ইফতেখার আলম। মঙ্গলবার (১ জুলাই) রাতে পাকা এই সড়কটি ইট ও সিমেন্ট দিয়ে সংস্কার কাজ শেষ হয়।

ইফতেখার আলম জেলা শহরের মরহুম ব্যবসায়ী বদিউল আলমের ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জনের পর পারিবারিক ব্যবসার হাল ধরেন। ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন।

জানা গেছে, সংস্কার হওয়া সড়কটি হোয়াইট হল এলাকা থেকে শুরু হয়ে ডা. মোহাম্মদ আলীর বাসার মোড় পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিন ধরেই রাস্তাটি খানাখন্দে ভরা ছিল। সামান্য বৃষ্টিতেই চলাচল অনুপযোগী হয়ে পড়ত সড়কটি। এতে ভোগান্তি পোহাতে হতো শিক্ষার্থী, রোগী ও অফিসগামী মানুষসহ সব শ্রেণির পথচারীদের। বারবার আবেদন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে নিজের দায়বদ্ধতা থেকে সংস্কারের উদ্যোগ নেন ইফতেখার আলম। স্থানীয় বাসিন্দারা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বলেন, গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে অনেক মানুষ চলাচল করলেও কেউ নজর দেয়নি। বর্তমানে কোনো জনপ্রতিনিধি নেই। একজন সাধারণ মানুষ আমাদের কষ্টের কথা ভেবে নিজ উদ্যোগ নিয়ে কাজ করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞ। স্থানীয় আরেক বাসিন্দা আহমেদ পাটোয়ারী বলেন, আগে এই রাস্তার জন্য রিকশাও আসতে চাইত না। বৃষ্টি হলে ভোগান্তির শেষ ছিল না। সড়কটি পৌরসভা কর্তৃপক্ষের নজরে কখনও আসে নাই। এখন সহজে যাতায়াত করা যাচ্ছে।

ব্যবসায়ী ইফতেখার আলম বলেন, আমার বাবার নামে প্রতিষ্ঠিত বদিউল আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষার সময় রাস্তায় পানি জমে আমাদের এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তাই আমি নিজ উদ্যোগে রাস্তাটি মেরামতের চেষ্টা করেছি, যাতে এলাকাবাসীর চলাচল সহজ হয়। আশা করি, এতে কিছুটা হলেও সমস্যা লাঘব হবে। 

নোয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা বলেন, সড়কটি আমার উপজেলার বেশ কাছাকাছি। প্রায় সময় সেটি ব্যবহার করে বিভিন্ন ইউনিয়নে যেতে হয়। একজন তরুণ ব্যবসায়ীর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি তাকে সাধুবাদ জানাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা