মধ্যাঞ্চলীয় অফিস ও ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ১৮:২৭ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫ ১৯:১৬ পিএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার হলো।
বুধবার (২ জুলাই) সকালে টাঙ্গাব বাশিয়া বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে শিশু আরিফ ও জোবায়েরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পাগলা থানাধীন বাসিয়া-পুডিরঘাট এলাকায় ব্রহ্মপুত্রে নৌকাডুবির ঘটনা ঘটে। পরে শাপলা আক্তার নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাঈন উদ্দিনের মেয়ে সে। গফরগাঁও উপজেলার বিরই নদীর পাড় দাখিল মাদরাসার ছাত্রী ছিল সে।
আজ উদ্ধার হয়েছে একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের হোসেন (৭) ও হাবিব মিয়ার ছেলে আরিফ হোসেন (৭)। তারাও ওই মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে একটি ছোট নৌকায় করে পাকুন্দিয়ার চরআলগী থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে গফরগাঁওয়ের বিরই এলাকায় মাদরাসায় যাচ্ছিল সাত শিক্ষার্থী। সাড়ে ৯টার দিকে নৌকাটি দত্তের বাজার কুঠুরিঘাট-সংলগ্ন এলাকা পর্যন্ত গেলে নদে স্রোতের তোরে উল্টে যায়। এ সময় চারজন সাঁতরে তীরে উঠলেও তিনজন নিখোঁজ হয়। তাদের তিনজনেরই লাশ উদ্ধার হলো।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, আর কেউ নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।