নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ১৬:১৮ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫ ১৬:৪৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ শহরে নিজ বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে শিশু রিয়া গোপের নিহতের প্রায় এক বছর পর মামলা হয়েছে। এতে অজ্ঞাত পরিচয় ১৫০-২০০ জনকে আসামি করা হলেও নাম উল্লেখ করে কাউকে আসামি করা হয়নি।
মঙ্গলবার (১ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) আবু রায়হান।
নিহতের পরিবারের কেউ মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, মামলাটি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করার কথা ছিল, দীর্ঘ সময়েও তা না হওয়াতে পুলিশ মামলা করেছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২০২৪ সালের ১৯ জুলাই শহরের মন্ডলপাড়া থেকে ২ নং রেল গেট পর্যন্ত সাধারণ ছাত্র ছাত্রীরা মিছিল করছিল। বিকেল চারটায় আওয়ামী লীগের লোকজন সশস্ত্র অবস্থায় মিছিলকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে।। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গুলশান হলের পেছনে ২৭, নয়ামাটি হোল্ডিংয়ের দীপক কুমারের পাঁচতলা বাড়ির ছাদে খেলাধুলা করার সময় রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে প্রথমে শহরের ১০০ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার দিন ছিল শুক্রবার। জুমার নামাজের পরপরই চাষাঢ়া থেকে গাড়িবহর নিয়ে বের হন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য। বঙ্গবন্ধু সড়কের অন্তত দুই কিলোমিটার এলাকাজুড়ে কয়েক দফায় মহড়া দিয়ে শামীম ওসমানের নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালায় তার অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকশ নেতাকর্মী। সেদিন বিকালে বঙ্গবন্ধু সড়কের পাশে নয়ামাটি এলাকায় চারতলা বাসার ছাদে খেলছিল শিশু রিয়া গোপ। বাইরে গোলাগুলির কারণে পরিস্থিতি খারাপ দেখে মেয়েকে ছাদ থেকে আনতে যান বাবা দীপক কুমার গোপ, কিন্তু কোলে নিতেই একটি গুলি এসে লাগে রিয়ার মাথায় পরে। হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।