কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫ ২১:৫৫ পিএম
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে অবস্থিত ৪৭/৫ নম্বর পোল্ডারের স্লুইস গেটটি বর্তমানে ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে। স্থানীয়ভাবে ‘কালামের স্লুইস গেট’ নামে পরিচিত এ গুরুত্বপূর্ণ অবকাঠামোটি অর্ধভাঙা অবস্থায় টিকে থাকলেও যেকোনো সময় সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাম্প্রতিক ঘূর্ণিঝড়, অতিরিক্ত জোয়ার এবং নিম্নচাপের প্রভাবে বেড়িবাঁধসহ স্লুইস গেটটির অধিকাংশ অংশ ইতোমধ্যে ধসে পড়েছে। এর ফলে আশপাশের অন্তত ৮-১০টি গ্রামের হাজারো মানুষ এবং তাদের কৃষিজমি মারাত্মক ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত স্লুইস গেট এবং সংশ্লিষ্ট বেড়িবাঁধ সংস্কারের দাবি জানালেও এখনও পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সরেজমিন দেখা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বেড়িবাঁধ সংলগ্ন স্লুইস গেটটি অবস্থিত। সাম্প্রতিক নিম্নচাপ ও অতিরিক্ত জোয়ারের পানিতে স্লুইস গেটসহ বেড়িবাঁধটির বেশিরভাগ অংশ ভেঙে গেছে। স্বাভাবিক জোয়ারের তুলনায় অতিরিক্ত পানিতেই যেকোনো সময় পুরোপুরি ভেঙে যেতে পারে স্লুইস গেটটি। এর ফলে ওই এলাকায় প্রায় ৮-১০টি গ্রামের কয়েক হাজার মানুষ সরাসরি ঝুঁকিতে রয়েছে। প্লাবিত হওয়ার শঙ্কায় এলাকার কৃষিজমি, বসতবাড়ি এবং যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা বদ্দর পহল্লান, ইব্রাহিম প্যাদা, ফরিদ বিশ্বাস ও চম্পা বেগম জানান, স্লুইস গেটটি অনেক দিন ধরেই দুর্বল অবস্থায় ছিল কিন্তু এখন তা ভেঙে পড়ার মতো অবস্থায় এসে পৌঁছেছে। এতে কৃষিকাজের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাদের দাবি, দ্রুত সংস্কার না হলে ঘূর্ণিঝড় কিংবা অস্বাভাবিক জোয়ারে গ্রামের ভেতরে পানি ঢুকে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে।
স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ বলেন, স্লুইস গেট ও বেড়িবাঁধটি খুবই দুর্বল হয়ে গেছে। যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে বড় ধরনের দুর্যোগ দেখা দিতে পারে। অতিদ্রুত এটাকে সংস্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া নির্বাহী প্রকৌশলী মো. শাহ্ আলম বলেন, বিগত জলোচ্ছ্বাসে চান্দুপাড়া এলাকায় ৪৭/৫ নম্বর স্লুইস গেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি আমরা জেনেছি। খুব দ্রুত এটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।