× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশে আনন্দমুখর পরিবেশে রথযাত্রা উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৫ ২১:৩২ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৫ ২১:৩৪ পিএম

সারা দেশে আনন্দমুখর পরিবেশে রথযাত্রা উৎসব

উৎসবমুখর পরিবেশে শুক্রবার (২৭ জুন) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রায় ছিল কড়া নিরাপত্তা। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

বগুড়া : বগুড়ায় রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবারও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বগুড়ার আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে সেউজগাড়ি ইসকন মন্দিরে যজ্ঞের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এবং রথযাত্রার আনুষ্ঠানিকতা। রথযাত্রায় কয়েক হাজার ভক্ত অংশ নেন। 

বাগেরহাট : বাগেরহাট সদরের যাত্রাপুরের লাউপালায় রথযাত্রা উৎসব শুরু হয়েছে। এ সময় হাজার হাজার মানুষ সমবেত হয়। এ উপলক্ষে ১৫ দিনব্যাপী গ্রামীণ মেলা শুরু হয়েছে। শুক্রবার দুপুরে লাউপালা শ্রীশ্রী জগন্নাথদেবের রথমন্দিরে নারী-পুরুষ নির্বিশেষে অগণিত ভক্ত ও দর্শনার্থী নিয়ে রথ টানার মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।

নওগাঁ : নওগাঁয় রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কালীতলা শ্রী শ্রী বুড়া কালীমাতার পুজোমণ্ডপ প্রাঙ্গণে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রার সূচনা করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাসুদ হাসান তুহিন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় প্রথম টান ও বেলা আড়াইটায় রথের দ্বিতীয় টান দেওয়া হয়। আগামী ৫ জুলাই উল্টো রথ টানের মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

ফেনী : রথযাত্রা শুরু হয়েছে। এবার শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে রথযাত্রা। রথযাত্রা দেখতে ফেনী শহরের প্রধান প্রধান সড়কে পুণ্যার্থীদের ঢল নামে। 

শুক্রবার বিকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার মূল অনুষ্ঠান।

ভোলা : ভোলায় রথযাত্রা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার বি‌কালে ভোলা শহ‌রের শ্রী শ্রী মদন মোহন জিউর ম‌ন্দিরে রথযাত্রার উদ্বোধন ক‌রেন ভোলা ‌জেলা প্রশাসক আজাদ জাহান। এ সময় উপ‌স্থিত ছি‌লেন জেলা পু‌লিশ সুপার শরীফুল হক, জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক শ‌ফিউল রহমান কিরণ, সদস‌্য স‌চিব রাইসুল আলমসহ প্রমুখ।

উজিরপুর (বরিশাল) : বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ধামুরা বাজার-বন্দর সার্বজনীন হরি ও দুর্গামন্দির থেকে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা ও মহোৎসব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১টায় ধামুরা সার্বজনীন হরি ও দুর্গামন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর ধামুরা ঘোষ বাড়িতে গিয়ে শেষ হয়। 

খাগড়াছড়ি : পাহাড়জুড়ে উৎসবের রঙ, ঢাকের তালে মুখর খাগড়াছড়ি শহর। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রাকে কেন্দ্র করে শুক্রবার এক ভিন্নতর আবহে রঙিন হয়ে ওঠে খাগড়াছড়ি। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় রথযাত্রার আনন্দ উদযাপন। 

নড়াইল : উৎসবমুখর পরিবেশে নড়াইলে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতসংঘ (ইসকন), নড়াইলের আয়োজনে বাংলাদেশ পুঁজা উদযাপন ফ্রন্ট, নড়াইলের সহযোগিতায় পৌরসভার উজিরপুর ইসকন মন্দির চত্বর থেকে রথযাত্রা শুরু হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা