গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫ ২০:৪১ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫ ২১:২৩ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, গত ৫৪ বছরে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই নিরপেক্ষ হয়নি। প্রতিবারই আওয়ামী স্টাইলে নির্বাচন হয়েছে। এজন্য কেয়ারটেকার সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন হতে হবে।
শুক্রবার (২৭ জুন) সকালে গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, এ দাবি শুধু জামায়াতের নয়, এটি বাংলাদেশের সব মানুষের দাবি। দেশের সব ইসলামী দল, আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ইসলামপন্থি মানুষ এক হওয়ার পথে রয়েছে। এই ঐক্যের জন্য জামায়াত সর্বোচ্চ ছাড় দেবে ইনশাআল্লাহ। এবার ইসলামী দলগুলোর ভোটের বাক্স হবে একটি।
তিনি আরও বলেন, তিনটি ভুয়া নির্বাচনের সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে বিচার আওতায় আনতে হবে। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে তার ভেরিফায়েড ফেসবুকে ‘ঈদের আয়নায়’ বিষয়টি উল্লেখ করেছেন। আমরা সরকারের কাছে দাবি জানাইÑ এই ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে হবে এবং গণহত্যার বিচার কার্য দ্রুত সম্পন্ন করতে হবে। যারা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদেরও চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মো. জাহাঙ্গীর আলম। এতে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খাইরুল হাসানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।