দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫ ২০:৩৯ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫ ২১:২৪ পিএম
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন ‘মেটাল প্রেজেন্ট এশিয়া প্যাসিফিক ডিরেক্টরস মিটিং ২০২৫’। শুক্রবার (২৭ জুন) শুরু হওয়া তিন দিনব্যাপী এই কনফারেন্সে অংশ নিচ্ছেন ৮টি দেশের প্রতিনিধিরা, পাশাপাশি দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
এ সম্মেলন আয়োজন করেছে IAAS (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সায়েন্স); যা বিশ্বের ৫৭টি দেশে কার্যক্রম চালানো একটি আন্তর্জাতিক সংগঠন।
আয়োজকদের মতে, দেশের কৃষিভিত্তিক শিক্ষার্থীদের আন্তর্জাতিক গবেষণা, বিশ্ববিদ্যালয় এবং বৈশ্বিক কৃষি প্রোগ্রামের সঙ্গে পরিচিত করে তোলা ও দক্ষতা উন্নয়নই এই আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা এ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে।
সম্মেলনে বক্তব্য রাখেন মেটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ইয়াস এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক মেহেদী হাসান তুষার এবং জাতীয় পরিচালক ইসরাফিল হোসাইন।
আয়োজকরা আশা করছেন, সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীরা মাঠপর্যায়ের কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়ে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।