বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫ ২০:৩৫ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫ ২১:২৬ পিএম
বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটার সময় ভেকু ও ডাম্প ট্রাকসহ মোহাম্মদ ফারুক (৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বান্দরবান সদর উপজেলার লেমুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী, মামুন ও মোহাম্মদ ফারুকের নেতৃত্বে দীর্ঘদিন ধরে বালাঘাটা লেমুঝিরির লক্ষ্মীপদ গোধা এলাকায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি সরানো হচ্ছিল। অভিযোগ রয়েছে, এ জমির মালিক সাবেক কৃষক লীগ নেতা প্রজ্ঞাসা বড়ুয়া পাপন। অভিযুক্তরা নিজেদের বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা পরিচয়ে প্রভাব বিস্তার করতেন, ফলে স্থানীয়রা মুখ খুলতে সাহস পাননি। এ পর্যন্ত লক্ষাধিক ঘনফুট মাটি কেটে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধা দিয়ে হামলা চালানো হয়।
আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ বলেন, অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে আমি এবং আরও ১১ জন স্থানীয় সাংবাদিক তথ্য সংগ্রহে ঘটনাস্থলে যাই। কথিত বিএনপি নেতা পরিচয়দানকারী হামলাকারীরা তাদের ওপর চড়াও হন। ফারুক ও অপর এক সাংবাদিকের ওপর হামলা করেন।
বান্দরবান সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি ভেকু, একটি ডাম্পার ট্রাক এবং একটি ডাম্প ট্রাকের কাগজপত্র জব্দ করে। এ সময় সাংবাদিকদের ওপর হামলাকারী ও পাহাড় কাটায় জড়িত মোহাম্মদ ফারুককে আটক করা হয়।
বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচএম সম্রাট সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, লেমুঝিরি এলাকায় পাহাড় কাটার ঘটনায় পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে একটি মামলা দায়ের করছে।
জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, পাহাড় কাটায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।