বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২২:২২ পিএম
বাগেরহাটের ভূমিহীন মানুষের ভাগ্য বদলে দিতে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন ‘ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ’ (আইআরভি)। কয়েক বছর ধরে সদর উপজেলার কাড়াপাড়া, যাত্রাপুর, ষাটগম্বুজ এবং রামপালের গৌরম্ভা, রাজনগর, হুড়কা ও উজলকুড় ইউনিয়নে ভূমিহীন ও হতদরিদ্র পরিবারের মধ্যে সংগঠনটি সচেতনতা, দক্ষতা বৃদ্ধি, নারী নেতৃত্ব তৈরি ও সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে।
বাগেরহাট সদর এবং রামপাল উপজেলা ২টিতে ৭টি ইউনিয়নে মোট কমিউনিটি ল্যান্ড রাইটস গ্রুপ নামে ৩৫টি গ্রুপ রয়েছ প্রতিটি গ্রুপে সদস্য সংখ্যা ৪০ জন করে। ৩৫টি গ্রুপের মোট সদস্য ১৪০০ জন। তাদের মধ্যে ৯০ শতাংশই নারী। রামপাল ও বাগেরহাট সদর উপজেলার ভূমিহীন, দরিদ্র ও নিম্ন শ্রেণির মানুষ এই গ্রুপের সদস্য।
এ ছাড়া বিভিন্ন গুচ্ছগ্রামের বাসিন্দারাও রয়েছে। যেমনÑ চাঁপাতলা, শ্রীঘাট, যাত্রাপুর, রনভূমি, ফয়লা, কৈগরদাসকাঠি এলাকা। এসব মানুষের অধিকাংশই জানতেন না, কীভাবে সরকারি সহায়তা পাওয়া যায়, কার কাছে, কীভাবে, কোথায় গিয়ে আবেদন করতে হয়।
সংগঠনটির সদস্যরা নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে সচেতন করছেন। শেখানো হচ্ছে কীভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা সহায়তা কিংবা সরকারি ঘরের জন্য আবেদন করতে হয়। হাতে-কলমে দেখানো হয়েছে কীভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হয়, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে কীভাবে যোগাযোগ করতে হয়।
সেই সঙ্গে এসব পরিবারের আত্মকর্মসংস্থানে সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে সেলাই মেশিন, ইনকিউবেটর, সেচ পাম্প, কৃষি বীজ, হাঁস-মুরগি, গরু-ছাগল ইত্যাদি। এই সহায়তা পেয়ে অনেকে এখন নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন।
সংগঠনের তথ্যমতে, গত বছর কৈগরদাসকাঠি গ্রামে ১১৭ জন ভূমিহীন ও হতদরিদ্র পরিবারের তালিকা তৈরি করে প্রশাসনের সহযোগিতায় ৩৮ জনকে সরকারি ঘর পেতে সহায়তা করা হয়েছে। সচেতনতামূলক এই কর্মকাণ্ডের ফলে এইসব পরিবার এখন নিজেরাই বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পেতে আবেদন করছেন, অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন।