রংপুর অফিস
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২১:৩১ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫ ২১:৪৩ পিএম
পালিয়ে আত্মরক্ষার পর রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন (বালিকা) কেন্দ্রে গিয়ে ফের নির্যাতনের শিকার হয়েছেন নিবাসী স্মৃতি আক্তার (১৬)। তার অভিযোগ, পুনর্বাসন কেন্দ্রে শিশুদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের তথ্য গণমাধ্যমে বলায় তার চুল কেটে দিয়েছে কেন্দ্রের দায়িত্বরতরা। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের নামে বারবার হয়রানি ও পুনর্বাসন কেন্দ্রের অনিয়মের তথ্য গোপন করার জন্য চাপ দিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরী দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে পুনর্বাসন কেন্দ্রটি থেকে নিখোঁজের ১৩ দিনেও দুই নিবাসী আশা ও নিতু উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতনরা।
পুনর্বাসন কেন্দ্রের নির্যাতন থেকে মেয়েকে রক্ষায় বুধবার (২৫ জুন) রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ নিজ জিম্মায় নিতে আবেদন করেন নিবাসী স্মৃতি আক্তারের মা মুক্তি বেগম। সকাল ১১টায় রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন (বালিকা) থেকে স্মৃতিকে আদালতে আনার কথা থাকলেও বিকাল ৫টার দিকে তাকে আনা হয়। আদালতের বিচারক সোয়েবুর রহমান স্মৃতির জবানবন্দি নেন এবং এজলাসে শুনানি করে তাকে মা মুক্তি বেগমের জিম্মায় দেন।
আদালতে ভুক্তভোগী স্মৃতি আক্তার জানান, সকাল ১১টায় তাকে আদালতে উপস্থাপন করার কথা থাকলেও পুলিশ ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তারা তাকে দুবার থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। সেই সঙ্গে পালিয়ে আত্মরক্ষার সময় যে বাড়িতে গিয়ে নিবাসী স্মৃতি ও কৃতি উঠেছিল সেই বাড়িতে তাকে নিয়ে গিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বিকালে স্মৃতিকে আদালতে উপস্থাপন করে পুলিশ।
স্মৃতি আক্তার বলেন, ‘পুনর্বাসন কেন্দ্রে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের কারণে আমিসহ ৪ জন পালিয়ে গিয়েছিলাম। আমাকে আবারও সেই কেন্দ্রেই পাঠানো হয়েছে। কেন্দ্রে যাওয়ার পর সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমার কারণে তাদের পুনর্বাসন কেন্দ্রের দুর্নাম হয়েছে বলে। আমি ঘুমিয়ে থাকলে তারা আমার চুল কেটে দিয়েছে। যারা আমার ও নিবাসীদের সঙ্গে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন করেছে আমি তাদের বিচার চাই।’
স্মৃতি আক্তারের মা মুক্তি বেগম বলেন, ‘জীবন বাঁচাতে আমার মেয়ে পুনর্বাসন কেন্দ্র থেকে পালিয়ে গিয়েছিল। পুলিশ আদালতের মাধ্যমে আবারও সেই পুনর্বাসন কেন্দ্রে আমার মেয়েকে পাঠিয়েছে। মেয়ে কেমন আছে জানতে আমি পুনর্বাসন কেন্দ্রে গেলে সেখানকার কর্মকর্তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। আমার মেয়ের চুল কেটে দেওয়াসহ নির্যাতনের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করব।’
এ ব্যাপারে অ্যাড. জোবাইদুল ইসলাম বলেন, ‘আদালত স্মৃতির জবানবন্দি নিয়ে তাকে তার মায়ের জিম্মায় দিয়ে দিয়েছে। নিরাপত্তাহীনতায় ভোগা এক শিশুকে নিরাপদে থাকার জন্য রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে রাখা হয়েছে। সেখানে নিবাসীরা যদি শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়, তাহলে রক্ষকই ভক্ষক হয়ে যায়। সমাজসেবা উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মণ নিবাসী শিশুদের ধর্ষণের সহযোগিতা করেছে। তিনিসহ পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নগরীর দেওডোবা ডাংগীরপাড় এলাকার রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে গত ১২ জুন রাত থেকে নিখোঁজ হন নিবাসী নিতু, স্মৃতি, কৃতি ও আশা নামে চার কিশোরী। ১৫ জুন পরিবারের সদস্যরা স্মৃতি ও কৃতিকে নগরীর চিড়িয়াখানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশকে জানায়। পরে পুলিশ তাদের আদালতের মাধ্যমে পুনরায় পুনর্বাসন কেন্দ্রে পাঠায়। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্ধার হওয়া কিশোরীদের পুনর্বাসন কেন্দ্রে পাঠাতে অস্বীকৃতি জানায়। আপত্তির কারণ হিসেবে পুনর্বাসন কেন্দ্রে মেয়ের ওপর নির্যাতন ও তার জীবনের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত বলে গণমাধ্যমকে জানান।