শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২০:৪২ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫ ২১:০৬ পিএম
নিহত নার্গিস আক্তার।
গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচি নার্গিস আক্তার (৪৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার ধরপাড়া গ্রামের শহীদ দর্জির মেয়ে এবং আওলাদ হোসেনের স্ত্রী।
বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভাতিজা নাজমুল শেখ একই গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
নার্গিস আক্তারের বোন সুফিয়া আক্তার জানান, আমার বোনকে তার ভাসুর জাকির হোসেনের ছেলে নাজমুল শেখ ছুরি দিয়ে বুকে আঘাত করে খুন করেছে। আমি এ মুহূর্তে নিহত বোনকে নিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আছি।
কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আতিকুর রহমান বলেন, গেল রমজান মাসে গৃহবধূ নার্গিস আক্তারের স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় তার ভাসুর মাদকাসক্ত নাজমুল শেখের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিশ বৈঠক হয়। ওই ঘটনা নিয়ে আজ (বুধবার) সকালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে নাজমুল শেখ তার হাতে থাকা ছুরি দিয়ে নার্গিস আক্তারের বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, আওলাদ হোসেন ও তার ভাইয়ের ছেলে নাজমুল শেখের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় নার্গিস আক্তার নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত নাজমুল শেখ পলাতক রয়েছেন। পুলিশ তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।