নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৩ জুন ২০২৫ ২১:১৭ পিএম
বরিশালের হিজলায় সরকারিভাবে বিতরণকৃত নারিকেল গাছের চারা না পেয়ে এক উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতা ও তার ছাত্রদল নেতা ছেলের বিরুদ্ধে। রবিবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল আলম। তিনি বলেন, হামলার শিকার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ফখরুল ইসলাম থানায় এসে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার সকালে হিজলা উপজেলা কৃষি অফিস থেকে সুবিধাভোগীদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা স্থানীয় রাজনৈতিক নেতাদেরও দেওয়া হয়েছে। ওই কার্যক্রমের দায়িত্বে ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফখরুল ইসলাম। তবে চারা না পাওয়ায় ক্ষুব্ধ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান। এর জেরে রবিবার সন্ধ্যায় উপজেলা সদরে কৃষি কর্মকর্তা ফখরুল ইসলামকে পেয়ে বাগবিতণ্ডায় জড়ান ওই বিএনপি নেতা। একপর্যায়ে গিয়াস উদ্দিন ও তার ছেলে হিজলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিসান দেওয়ান মিলে কৃষি কর্মকর্তাকে মারধর করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল জেলার উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম বলেন, বিষয়টি আমি জেনেছি, নারিকেলের চারা বিতরণকে কেন্দ্র করে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাকে মারধর করা হয়েছে। ইউএনওর সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে বলা হয়েছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেনি হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার। এমনকি ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান উল আল আজাদ জনি।
অভিযুক্ত বিএনপি নেতা গিয়াস উদ্দিন দেওয়ানের সঙ্গেও মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে উপজেলা বিএনপির একটি অংশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়, তবে সেই প্রস্তাবে সায় দেননি ইউএনও।
হিজলা থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল আলম বলেন, এ ঘটনায় এজাহার নিয়ে কৃষি কর্মকর্তা থানায় এসেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।