ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫ ২১:২৬ পিএম
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা দরকার। এসব বিবেচনা করেই সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২১ জুন) সকালে ঝিনাইদহ জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত একদিনের ‘প্রশিক্ষণ কর্মশালা’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মশালার বিষয় ছিল ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা ও ইহার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’। বিচারপতি হাকিম বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ থাকতে হবে। বিভাজনের রাজনীতি নয়, বরং সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’
খুব শিগগিরই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘এই আইন সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে। গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। তথ্য যাচাই ও সত্যতাভিত্তিক প্রতিবেদন দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে।’
ঝিনাইদহের ডিসি মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মো. আবদুর সবুর এবং ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।