ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫ ১৯:৪৭ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫ ২০:০৪ পিএম
ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) রাত ১০টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেনÑ উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতার প্রবাসী ইকবাল হোসেনের ছেলে ফয়সাল ফারাবী (৯) ও ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাই প্রবাসী সামছুল হকের ছেলে সাখাওয়াত হোসেন (৮)। তারা পরিবারের সঙ্গে সাত মন্দির রোড এলাকার শেখ ভবনে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত দুই শিশু খেলার জন্য বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনে যায়। সেখানে খেলার সময় অসাবধানবশত তারা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক সালাউদ্দিন রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে, পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।