অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি)
প্রকাশ : ২১ জুন ২০২৫ ১৮:৩৬ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫ ১৮:৩৮ পিএম
এখন নানা মৌসুমি ফলের সমাহার সর্বত্রই। চারদিকে হরেক রকম রসালো ফলের ম-ম গন্ধে প্রকৃতি উতলা। ফলপ্রিয় বাঙালির কাছে এ সময়টা এক অন্যরকম আবেদন নিয়ে আসে। নতুন নতুন মৌসুমি বাহারি সুস্বাদু ফলের দেখা মিলছে কাপ্তাইয়ের জেটিঘাট বাজারে।
রাঙামাটির কাপ্তাই উপজেলার অন্যতম ব্যবসায়িক প্রাণকেন্দ্র জেটিঘাট বাজারে উঠেছে হরেক রকমের মৌসুমি ফল। এসব ফল রাঙামাটির বিলাইছড়ি, ফারুয়া, হরিণছড়া, বারুদঘোলাসহ বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা নৌযানে করে নিয়ে আসছেন। এসব ফলের মধ্যে আছে আম, কাঁঠাল, জাম, কলা, জাম্বুরা, জামরুল প্রভৃতি। এসব ফল স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা পাইকারি দরে কিনে নিয়ে যাচ্ছেন।
বিলাইছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে কাপ্তাই জেটিঘাটে আম বিক্রয় করতে এসেছেন ধনা তঞ্চঙ্গ্যা, সমীরণ চাকমাসহ কজন। তারা বলেন, এ বছর আমের বাম্পার ফলন হয়েছে। তাই আমরা নৌকায় করে আম নিয়ে এসেছি। তবে আম্রপালির দাম মোটামুটি পাওয়া গেলেও অন্যান্য আমের তেমন পাওয়া যাচ্ছে না। দেশীয় জাতের আম সস্তায়ও বিক্রয় করা যাচ্ছে না। তবে প্রতিবছরের মতো এবারও আম্রপালির চাহিদা সবচেয়ে বেশি।
এদিকে পাহাড়ি কাঁঠাল নিয়ে কাপ্তাইয়ের দুর্গম হরিণছড়া ও বারুদঘোলা এলাকা থেকে এসেছেন চিংমং মারমা, অংসি মারমাসহ কজন। তারা বলেন, ‘কাঁঠাল একদম সস্তায় বিক্রি করে দিচ্ছি। কাঁঠালগুলো পাইকার ধরে ক্রয় করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছে বিক্রেতারা। কাঁঠাল এবার চাহিদার তুলনায় বেশি ফলন হয়েছে। সামান্য লাভ হলেই এসব কাঁঠাল বিক্রি করে দিচ্ছি।’
পাহাড়ে নিজ বাগানের চাষ করা কলা বিক্রয় করতে এসছেন রহমান আলী, তরুণ তঞ্চঙ্গ্যাসহ কজন চাষী। তারা বলেন, ‘পাহাড়ি কলার বেশ চাহিদা রয়েছে। পাইকাররা সরাসরি নৌকা থেকেই এসব কলা কিনে নেন। এতে বেশ লাভবান হওয়া যায়।’
এদিকে চট্টগ্রাম থেকে আসা পাইকার শাহজাহান, সুমন দাশসহ কজন জানান, বর্তমানে কাপ্তাইয়ের জেটিঘাট বাজারে সব ধরনের মৌসুমি ফল উঠেছে। তবে দাম তুলনামূলক কম। তবে এসব ফল ফরমালিনমুক্ত তাই ক্রেতার কাছে চাহিদাও বেশ।
কাপ্তাই কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, ‘প্রতিবছরই পার্বত্য অঞ্চলে মৌসুমি ফলের ব্যাপক চাষ হয়ে থাকে। এ বছরও এর ব্যতিক্রম নয়। পাহাড়ি এসব ফলের কদর রয়েছে দেশজুড়ে। বিশেষ করে ফরমালিনমুক্ত ও প্রচুর পরিমাণে ভিটামিনযুক্ত হওয়ায় পাহাড়ি ফলের চাহিদা থাকে সবচেয়ে বেশি। তাই কাপ্তাই জেটিঘাট থেকে এসব মৌসুমি ফল স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হয়ে থাকে। এতে করে চাষী এবং বিক্রেতারা লাভবান হন। পাশাপাশি শহরের মানুষ এসব ফল খাওয়ার সুযোগ পেয়ে থাকেন।
প্রসঙ্গত, কাপ্তাইয়ের জেটিঘাট বাজারটি মৌসুমি ফল ক্রয়-বিক্রয়ের জন্য জনপ্রিয় বাজার। এখানে প্রতি মৌসুমেই বিভিন্ন জাতের ফলের প্রায় কয়েক কোটি টাকার ক্রয়-বিক্রয় হয়ে থাকে।