মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২০ জুন ২০২৫ ২০:০৭ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫ ২০:২৬ পিএম
কিশোরগঞ্জের মিঠামইনে ভিজিএফের চাল বিতরণে ঘুষ লেনদেনের অভিযোগে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সচিবকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ইটনা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল কাফির নেতৃত্বে ২৭ আরই ব্যাটালিয়নের সদস্যরা ও থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেনÑ মিঠামইন উপজেলার কেওয়ার জোড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন এবং ইউপি সচিব মোহাম্মদ আলমগীর হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিজিএফ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিতদের মাঝে চাল বিতরণের সময় জনপ্রতি এক হাজার টাকা করে ঘুষ আদায় করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে এবং মিঠামইন থানায় হস্তান্তর করে।
মিঠামইন থানার ওসি আলমগীর কবির বলেন, সেনাবাহিনী দুজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। ঘটনাস্থল থেকে জব্দ করা চাল উদ্ধারের কার্যক্রম চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।