টাঙ্গাইল সংবাদাতা
প্রকাশ : ১৬ জুন ২০২৫ ২১:৩৪ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫ ২১:৩৯ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি খুন হয়েছেন। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর হলিদ্রাচালা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের কাবেল উদ্দিনের ছেলে আয়নাল মিয়া ও তার স্ত্রী সেলিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে বংশীনগর হলিদ্রাচালা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে রফিকুল ইসলাম জমির সীমানা দিয়ে গাছের চারা রোপণ করছিলেন। এ সময় আয়নাল ও তার স্ত্রী সেলিনা বেগম চারা রোপণ করতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে আয়নাল ও সেলিনা রফিকুলকে মারধর করতে থাকেন। একপর্যায় রফিকুল মাটিতে লুটিয়ে পড়লে তারা বুকের ওপর বসে আবার আঘাত করতে থাকেন। খবর পেয়ে রফিকুলের বড় ভাই সাংবাদিক শামসুল আলমসহ লোকজন ঘটনাস্থলে গেলে আয়নাল ও তার স্ত্রী সেলিনা তাদের ওপরও আক্রমণ করার চেষ্টা করেন। পরে গ্রামের লোকজন রফিকুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে আয়নাল মিয়া ও তার স্ত্রী সেলিনা বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে। শামসুল আলম বাদি হয়ে আয়নাল এবং সেলিনাকে আসামি করে থানায় মামলা করেছেন।
মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, ‘জমি বিরোধকে কেন্দ্র করে একজন খুন হয়েছে। এ ঘটনায় জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।’ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।