নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৫ ২০:০৬ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫ ২০:৪৪ পিএম
ঝালকাঠির জেলার নলছিটি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তিন কলেজছাত্রীসহ একই পরিবারের ছয় নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় রবিবার (১৫ জুন) ভুক্তভোগী জোসনা বেগম নলছিটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, জোসনা বেগমের পরিবারের বসতঘরে হামলা চালান একই গ্রামের রাজু হাওলাদার, মিনারা বেগম, রঞ্জু, রিয়াদ খান, রিফাত খান, মান্নান খান ও মাসুদ খান। বাধা দিতে গেলে হামলাকারীরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জোসনা বেগম বলেন, মাদারঘোনা মৌজার ৮৯ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি আমার বাবা ক্রয় করেন। আমরা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছি। জমির ভাগবাটোয়ারা নিয়ে গত ১০ জুন সকালে স্থানীয়দের নিয়ে সালিশ বসালে প্রতিপক্ষ পক্ষের লোকজন সালিশদারদেরও মারার চেষ্টা করে। পরে তারা আমাদের ঘরে হামলা চালিয়ে মারধর করে। তিনি আরও বলেন, ঘরে কোনো পুরুষ না থাকায় সুযোগ নিয়ে তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মন্নান খান অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কাউকে মারধর করিনি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশ্রাফ আলী বলেন, একই পরিবারের ছয়জনের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।