কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২২:০১ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫ ২২:২৩ পিএম
কক্সবাজারে একদিনের ব্যবধানে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসির দুটি কমিটি ঘোষণা করা হয়েছে। পৃথক দুটি নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটে এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর মধ্যে শুক্রবার (১৩ জুন বিকালে একটি কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এসএম আমিনুল হক চৌধুরী। যে কমিটির সভাপতি দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, সহসভাপতি দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এমআর মাহবুব, সাধারণ সম্পাদক স্থানীয় দৈনিক রুপোলী সৈকত পত্রিকার বার্তা সম্পাদক এসএম জাফর, যুগ্ন সম্পাদক দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজাদীর জেলা প্রতিনিধি শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার বেদারুল আলম, সদস্য দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রদান শামসুল হক শারেক ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার এম জসিম উদ্দিন ছিদ্দিকী সদস্য নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে আরেকটি কমিটি ঘোষণা করেন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ নুরুল ইসলাম। ওই কমিটির সভাপতি দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসিম, দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার সহসভাপতি হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক আমার দেশের প্রতিনিধি আনছার হোসেন, যুগ্ম সম্পাদক দেশ টিভির প্রতিনিধি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ ডেইলি মর্নিং অবজারভার নুরুল হক চকোরী, সাংগঠনিক সম্পাদক দৈনিক নিরপেক্ষের প্রতিনিধি মোহাম্মদউর রহমান মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ বেতারের প্রতিনিধি আজাদ মনসুর, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সদস্য হাসানুর রশীদ ও সিবি টুয়েনটিফোর টিভির প্রধান মহিউদ্দিন মাহী।
এসএম আমিনুল হক চৌধুরীর পক্ষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাকে প্রধান করে ৩ সদস্যের নির্বাচন কমিশনের সদস্য হলেনÑ মাহবুবর রহমান ও এএইচ সেলিম উল্লাহ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসির দ্বিবার্ষিক নির্বাচন শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার প্রেস ক্লাবের হল রুমে একটানা ভোটার গ্রহণের মাধ্যমে শেষ হয়। এতে ৫৩ ভোটোরের মধ্যে ২৯ ভোট দেন। এই ফলাফলের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
মুহম্মদ নুরুল ইসলামের পক্ষে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল নির্ধারিত দিনে নির্বাচনে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে ৯ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ওই সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রুহুল কাদের বাবুল ও ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।