× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেলাবতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রাবার বুলেটে প্রাণ গেল যুবকের

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৫ ২২:১০ পিএম

আপডেট : ১২ জুন ২০২৫ ২২:৩৬ পিএম

বেলাবতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রাবার বুলেটে প্রাণ গেল যুবকের

নরসিংদীর বেলাব উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টার থেকে উপজেলা সদরের মাটিয়ালপাড়া ও চরবেলাব গ্রামবাসীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরে বিকালে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

নিহত যুবকের নাম মো. সাইফুল মিয়া (২৬)। তিনি বেলাব ইউনিয়নের চর বেলাব গ্রামের মো. জীবন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার গ্রামবাসীর আয়োজনে ফুটবল খেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেওয়াকে কেন্দ্র করে চরবেলাব এবং মাটিয়ালপাড়া গ্রামের কয়েক যুবকের কথা কাটাকাটি হয়। এ সময় মারধরে তিনজন আহত হয়।

ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর চড়াও হয় বিক্ষুব্ধ গ্রামবাসী।

পরে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সংঘর্ষের ঘটনায় দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আর হাসপাতালে নেওয়ার পথে সাইফুল মারা যান।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনজুর-ই-মুশফিকা ফেরদৌস জানান, সাইফুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে রাবার বুলেট লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া একই ঘটনায় পুলিশ সদস্যসহ আহত অন্তত ১০ জনকে তারা চিকিৎসা দিয়েছেন বলে জানান।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, পুলিশ বারবার অনুরোধ করেছে, সংঘর্ষে জড়াবেন না, অভিযোগ নিয়ে থানায় আসুন। কিন্তু তারা আহ্বানে সাড়া না দিয়ে দেশি অস্ত্র ও ইটপাটকেল ছুড়ে অনেককে আহত করেছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। তিনি নিজেসহ ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানায়, সেনাবাহিনীর সহযোগীয় এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সুপার আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পরে বিস্তারিত বলা যাবে।

সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাকশিমুল বাজারের একটি জমি নিয়ে পাকশিমুলের বড় পাড়ার সাধর পক্ষের নূরে আলমের সঙ্গে বড়বাড়ি পক্ষের মোহাম্মদ রউফ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ১ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সরাইল সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার তপন সরকার জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা