চাঁদাবাজির অভিযোগ
নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫ ১৯:১৮ পিএম
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা সদরের নতুন বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মদন অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার লে. মো. শাহরিয়ার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে কেন্দুয়া পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী।
আটককৃতরা হলেনÑ কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সহসম্পাদক মো. আব্দুল আউয়াল খান (৬৫) ও পৌর শ্রমিক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান কাদিল (৩৫)। তাদের উভয়ের বাড়ি উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে।
আব্দুল আউয়াল খান উপজেলার ছিলিমপুর গ্রামের মৃত আব্দুস সালাম খানের ছেলে এবং আনিছুর রহমান কাদিল আব্দুল মোমেন খান কাদেরীর ছেলে।
স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দুয়া শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকায় চলাচলকারী প্রতিটি বাস থেকে দলের নাম ভাঙিয়ে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল একটি চক্র। স্থানীয়দের কয়েকজন চাঁদাবাজির এমন তথ্যপ্রামণের ভিডিও ফুটেজ ও ছবি পার্শ্ববর্তী মদন সেনাক্যাম্পে পাঠায়। পরে বুধবার রাতে বাসস্ট্যান্ডে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। চাঁদা তোলার সময় হাতেনাতে ওই দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরও বেশ কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সেনা কর্মকর্তা মো. শাহরিয়ার আহম্মেদ বলেন, চাঁদাবাজি করার সময় ওই দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কয়েকজন সহযোগীর নাম জানিয়েছে, ওই নামগুলো পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি আটককৃত দুজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটক দুজনসহ ৯ জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। গতকাল তাদের আদালতে পাঠানো হয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।