লামা-আলীকদম (বান্দরবান) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুন ২০২৫ ১৯:১৫ পিএম
বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরী নদীতে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়Ñ তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা শেখ জুবাইরুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ জুন) ভোরে আলীকদম সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার তাহের মল্লিকের জমির পাশে নদীর চরে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, নিহত জুবাইরুল শেখ হিদায়েতুল ইসলামের ছেলে। বুধবার ‘বর্ষাথ’ নামের এক ব্যক্তির নেতৃত্বে ‘ট্যুর এক্সপার্টথ’ নামে একটি ভ্রমণ দলের ৩৩ সদস্য আলীকদমে আসেন। দলের সহ-সমন্বয়কারী ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড হিসেবে ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। দলটি আলীকদমের ক্রিস্টং পাহাড়, থানচির লিমান লিবলু ও সাকাহাফং চূড়ার উদ্দেশে রওনা দেয়। ভ্রমণকারীরা দুটি দলে বিভক্ত হয়ে দুর্গম ক্রিস্টং পাহাড়ের দিকে যাত্রা করে। পথে তৈন খালের প্রবল স্রোতে তিনজন পর্যটক ভেসে যান। গতকাল সকালে তাদের মধ্যে জুবাইরুলের মরদেহ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন হাসান ও স্মৃতি নামের দুইজন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, ‘নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। দুর্গম ও মোবাইল নেটওয়ার্কবিহীন এলাকায় অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুরো বিষয়টি তদন্তাধীন এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’